নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১০ সালের মে মাসে পাহাড়ে সভা করতে গিয়ে খুন হন গোর্খা লিগের তৎকালীন সভাপতি মদন তামাং। নানা আইনি জটিলতা কাটিয়ে কিছুদিন আগে চার্জগঠন করে শুরু হয়েছিল বিচার পর্ব। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে সাক্ষ্য দিলেন মৃতের ছেলে। এদিনই তাঁর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযুক্তরা ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। তবে সাক্ষী কোর্টে এসেই তাঁর সাক্ষ্য পেশ করেন।
তাঁকে নিয়ে সাক্ষ্য পেশ করলেন দুজন। এর আগে সাক্ষ্য দেন মদনের এক কাকা। আদালত সূত্রের খবর, অন্যতম অভিযুক্ত নিকল তামাং গ্রেফতার হয় ২০১০ সালে। অভিযোগ, পরে পিনটেল ভিলেজে পুলিশ হেপাজত থেকে পালায় নিকল। সিআইডি প্রথমে এই মামলার তদন্ত করলেও পরে তদন্তভার পায় সিবিআই।
পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংকে এই মামলায় অভিযুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। তার প্রেক্ষিতে কলকাতার বিচারভবন বিমলকে মামলায় অন্তর্ভুক্ত করে। এরপরই চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। একের পর এক আইনি জটিলতায় শুনানি শুরু হতে দীর্ঘ সময় লেগে গিয়েছে। যদিও এই হত্যা মামলায় ইতিমধ্যেই সকল অভিযুক্ত আদালতে দাবি করেছে, তারা সম্পূর্ণ ‘নির্দোষ’।