দেরাদুন, ৭ জুন: সিমলায় কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরার কাছে ছুটি কাটাতে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আর সেখানে গিয়েই আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস নেত্রী। সূত্রের খবর, এদিন দুপুরে অসুস্থ হয়ে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন সোনিয়া। যদিও কিছুক্ষণ বাদেই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। সূত্রের খবর, রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছিলেন কংগ্রেস নেত্রী। কোনও গুরুতর বিষয় নয়। তবে চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। কংগ্রেস সূত্রে খবর, আপাতত সিমলাতে প্রিয়াঙ্কার কাছেই থাকবেন সোনিয়া।



