সিমলা: সিমলায় ছুটি কাটাতে এসে অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী। স্বাস্থ্যজনিত কিছু সমস্যার কারণে শনিবার তাঁকে নিয়ে যাওয়া হয় শৈলশহরের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী গত তিন দিন ধরে ছিলেন সিমলার চারাব্রায় অবস্থিত মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাংলোয়। রিপোর্ট অনুযায়ী, হাসপাতালে পৌঁছনোর পর ৭৮ বছরের এই প্রবীণ কংগ্রেস নেত্রীর এমআরআই সহ বিভিন্ন পরীক্ষা করেন চিকিৎসকেরা। তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবীন্দর সিং সুখুর প্রধান উপদেষ্টা (মিডিয়া) নরেশ চৌহান জানান, সোনিয়া গান্ধীকে রুটিন চেক-আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চৌহানের দাবি, প্রবীণ কংগ্রেস নেত্রীর গুরুতর কোনও সমস্যা নেই। ছোটখাটো কিছু বিষয়ে রুটিন পরীক্ষা হয়েছে তাঁর। চিকিৎসকরা তাঁকে দেখেছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতালের এক চিকিৎসক জানান, স্বাস্থ্য পরীক্ষার পর ফিরে গিয়েছেন সোনিয়া গান্ধী। রিপোর্ট অনুযায়ী, সোনিয়ার রক্তচাপ কিছুটা বেশি ছিল। হাসপাতালে তাঁর সঙ্গে এসেছিলেন মেয়ে প্রিয়াঙ্কা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যজনিত কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কংগ্রেস নেত্রীকে। সোনিয়াকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল গত ২৭ মে। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৬১তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে দিল্লির শান্তিবনে গিয়ে শ্রদ্ধা জানান তিনি।