Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আধিকারিকদের একাংশকে গঙ্গাসাগর মেলার ডিউটি থেকে দায়িত্ব শুনানিতে, ভিন জেলার অফিসারদের পাঠানো হবে সাগরে

দক্ষিণ ২৪ পরগনায় এসআইআরের শুনানি আর  গঙ্গাসাগর মেলা একইসঙ্গে চলবে। জেলা প্রশাসনের একটা বড় অংশ আর দু’দিন পর ব্যস্ত হয়ে যাবে মেলার প্রস্তুতিতে।

আধিকারিকদের একাংশকে গঙ্গাসাগর  মেলার ডিউটি থেকে দায়িত্ব শুনানিতে, ভিন জেলার অফিসারদের পাঠানো হবে সাগরে
  • ৮ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় এসআইআরের শুনানি আর  গঙ্গাসাগর মেলা একইসঙ্গে চলবে। জেলা প্রশাসনের একটা বড় অংশ আর দু’দিন পর ব্যস্ত হয়ে যাবে মেলার প্রস্তুতিতে। সেক্ষেত্রে শুনানি প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই অন্যান্য জেলা থেকে আধিকারিকদের এনে শুনানি প্রক্রিয়াকে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো লোকবল চেয়ে রাজ্যের কাছে চিঠি পাঠায় জেলা প্রশাসন। তার প্রেক্ষিতে আপাতত ভিন জেলার পাঁচজন আধিকারিককে দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। তাঁদের মধ্যে একজন আইএএস এবং বাকি চারজন ডব্লুবিসিএস অফিসার। কিন্তু তাঁদের শুনানির কাজে ব্যবহার করতে চাইছে না প্রশাসন। উলটে তাঁদের মেলার দায়িত্বে পাঠিয়ে দক্ষিণ ২৪ পরগনার কয়েকজন আধিকারিককে শুনানির কাজে ব্যস্ত রাখতে চান প্রশাসনের কর্তারা। গঙ্গাসাগর মেলার শেষদিকে অবশ্য আরও কয়েকজনকে মেলায় পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

জেলা প্রশাসনের দাবি, গ্রামীণ এলাকার বিধানসভা কেন্দ্রগুলিতে যাঁরা শুনানিতে ডাক পেয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা ২০০২ সালের ভোটার তালিকায় কোনও আত্মীয়ের নাম দেখাতে পারেননি, তাঁদের হিয়ারিং প্রায় শেষের দিকে। ফলে এখানে খুব বেশি অসুবিধা হবে না। তবে জেলার শহুরে বিধানসভাগুলিতে এই কাজ অনেকটাই বাকি। সেখানে পুরোদমে কাজ চালাতে ওই আধিকারিকদের ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সাগর, পাথরপ্রতিমা, গোসাবায় শুনানি শেষ। বাসন্তীতে প্রায় শেষের পথে। যাঁরা সশরীরে শুনানি কেন্দ্রে আসতে পারেননি, এখন শুধু তাঁদের নথি যাচাই বাকি। জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার পর ওই প্রক্রিয়া চালানো হবে। 
ক্যানিং ১ নম্বর ব্লক সূত্রে খবর, বিডিও ও যুগ্ম বিডিও ছাড়া বেশিরভাগ আধিকারিক শুনানির কাজে যুক্ত থাকবেন। তবে আশার কথা হল, গ্রামীণ বিধানসভা কেন্দ্রগুলিতে কম সংখ্যক ভোটারকেই শুনানিতে ডাকা হয়েছে। তাই দ্রুত কাজগুলি করা গিয়েছে। যাঁদের তথ্যে ভুল বা গরমিল রয়েছে, মূলত সেই ভোটারদেরই এবার শুনানিতে ডাকা হবে। সেই কাজ চলবে কমবেশি সব জায়গায়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, আমার বাবুঘাটে ডিউটি পড়েছে। সকালে শুনানি করে তারপর বাবুঘাটে যাব। এই পর্বে শুনানি পুরোপুরি বন্ধ রাখলে পরের দিকে চাপ অনেকটাই বেড়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ