সংবাদদাতা বিষ্ণুপুর: সোনামুখীর নারায়ণসুন্দরী গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃতের নাম পল্লবী রায় (১৩)। তার বাড়ি নারায়ন সুন্দরী গ্রামেই। পুলিস জানিয়েছে, সোমবার বিকালে বাড়িতেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মঙ্গলবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে দেহ ময়নাতদন্ত করানো হয়। কোনও কারনে অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক রমেশ রায়ের এক ছেলে ও এক মেয়ে। ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। পল্লবী স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত। অন্যান্য দিনে সোমবার বেলার দিকে রমেশবাবু ও তাঁর স্ত্রী মাঠে কাজ করতে চলে যান। পল্লবী বাড়িতে একাই ছিল। বিকালে কাজ থেকে ফিরে পল্লবীর খোঁজ করেন তাঁরা। এরপরে ঘরের ভেতরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। সেই খবর পেয়ে প্রতিবেশীরা চলে আসেন। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে।
Advertisement
মৃতের প্রতিবেশী রাকেশ রায় বলেন, বাড়িতে কোনও অশান্তি হয়নি। তা সত্বেও কি কারনে পল্লবী আত্মঘাতী হল তা আমরা কেউই বুঝতে পারছিনা।



