নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরের ন’পাড়ার একটি রেয়ন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার সন্ধ্যায় কারখানায় আচমকা আগুন ধরে যায়। সেই সময় অনেক কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু প্রচুর পরিমাণ দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় দমকলকে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় কর্মীরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। কারখানার বেশিরভাগ কাঁচামাল ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি। কারখানার একাংশ ক্ষতিগ্রস্তও হয়েছে। কারখানা জানিয়েছে, ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে।



