নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার রাতে বারাকপুরের শঙ্খবণিক কলোনিতে সুকুমার নাগ নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে অলঙ্কার ভর্তি ব্যাগ ছিনতাই করল দুষ্কৃতীরা। সুকুমারবাবুর বক্তব্য, গত ১৫-১৬ বছর ধরে দোকান বন্ধ করে সাইকেল করে ঘুষিপাড়ায় বাড়ি ফিরি। এদিনও ফিরছিলাম। বাইকে চেপে দুই যুবক এসে পথ আটকায়। আমি সাইকেল থেকে পড়ে যাই। এক যুবক রিভলভার দেখিয়ে ভয় দেখায়। অন্য ব্যক্তি সোনা ও রুপো ভর্তি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কে সুকুমার ও তাঁর পরিবার। অভিযোগকারীর দাবি, ব্যাগে ২৭ গ্রামের মতো সোনা ও কিছু পরিমাণ রুপো ছিল। দুষ্কৃতীরা সব ছিনতাই করেছে। তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল। তদন্তে নেমেছে টিটাগড় থানা। ঘটনার পর শঙ্খবণিক কলোনিতে আতঙ্ক তৈরি হয়েছে।



