Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে পুরসভাই করে দেবে: ফিরহাদ

সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে পুরসভাই করে দেবে: ফিরহাদ
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার আওতায় কেইআইআইপি (কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট) প্রকল্পের কাজ চলছে পুরসভার সংযুক্ত এলাকায়। বেহালা, ঠাকুরপুকুর, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া অঞ্চলে পানীয় জল সরবরাহ  এবং নিকাশি পরিকাঠামো গড়ে তোলার কাজ হচ্ছে। সেই কাজ নিয়ে সোমবার পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে কাজের গতি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেইআইআইপি কাজ শেষ না করতে পারলে কলকাতা পুরসভাই তা করে দেবে। এর জন্য একটি নতুন কমিটি গড়েছেন মেয়র। তারা বাকি থাকা কাজগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করবে। এদিনের বৈঠকে সংশ্লিষ্ট বরো চেয়ারম্যান এবং কাউন্সিলারদের ডাকা হয়েছিল। সূত্রের খবর, প্রকল্পে রূপায়ণের ভারপ্রাপ্ত সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বিভাগের অফিসারদের ভূমিকায় তিনি যে যথেষ্ট ক্ষুব্ধ, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন মেয়র। তাঁর আরও হুঁশিয়ারি, কেইআইআইপির পানীয় জল ও নিকাশির কাজ সময়ে শেষ না করতে পারলে সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করে দেওয়া হবে। তিনি বলেন, ‘২০১৯ সালে কাড শেষ করার কথা ছিল। তা তো হয়নি। আগামী ডিসেম্বরের মধ্যে কেইআইআইপি কাজ না শেষ করলে পুরসভাই সেটা করবে।’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, সিনিয়র আধিকারিক পি কে দুয়াকে মাথায় রেখে কমিটি গঠিত হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ