Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্মার্ট ইলেকট্রিক মিটার বসাতে ‘বাধা’, উত্তেজনা মধ্যমগ্রামে

স্মার্ট ইলেকট্রিক মিটার বসাতে ‘বাধা’, উত্তেজনা মধ্যমগ্রামে
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিদ্যুৎ দপ্তরের নির্দেশ মতো প্রতিটি বাড়িতে বসানো হচ্ছে স্মার্ট মিটার। তবে মিটার বসানো নিয়ে ‘বাধা’র মুখে পড়তে হচ্ছে কর্মীদের। বুধবার দুপুরে স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে গ্রাহকদের বাধার মুখে মিটার বসানো বন্ধ করে দিলেন কর্মীরা। দু’পক্ষের বচসায় উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রাম পুরসভার ৫ নং ওয়ার্ডে। 
Advertisement
বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের দাবি, এই মিটার মূলত প্রিপেড সিস্টেমে কাজ করে। কিন্তু অনেকে নিয়ম না জেনে স্মার্ট মিটারের বিরোধিতা করছেন। বিরোধিতার পাশাপাশি প্রশাসনের কাছে ডেপুটেশনও দিচ্ছেন। কারও মতে, রাজনৈতিক দলের লাগাতার প্রচারের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যেও স্মার্ট মিটার বসানো নিয়ে অনীহা তৈরি হয়েছে। বুধবার ঠিকাদার সংস্থার দুই কর্মী মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুরের কাজী নজরুল ইসলাম সরণিতে স্মার্ট মিটার বসাতে যান। কিন্তু এর বিরোধিতা শুরু করেন স্থানীয়দের একাংশ। তা নিয়ে দু’পক্ষের বচসায় উত্তেজনা তৈরি হয়। বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দিতে বাধ্য হন ঠিকাদার সংস্থার কর্মীরা। বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা স্বপন দেবনাথ বলেন, যাঁরা এই মিটার বসাতে এসেছিলেন, তাঁরা সরকারি কোনও কাগজ দেখাতে পারেননি। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এনিয়ে বিদ্যুৎ দপ্তরের বারাসত ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সোমনাথ মণ্ডল বলেন, আসলে কেউ কেউ মানুষকে ভুল বোঝাচ্ছেন। স্মার্ট মিটার ইনস্টল করলে উপভোক্তদের আইডির গোপনীয়তা নষ্ট হবে না। তাছাড়া পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রেও সমস্যা হবে না। সাধারণ মানুষ যেভাবে মোবাইলে রিচার্জ করেন, তেমনই সিস্টেম স্মার্ট মিটারে। রিচার্জ শেষ হওয়ার কয়েকদিন আগে থেকেই উপভোক্তাদের মোবাইলে মেসেজ আসবে। স্মার্ট মিটার হল আধুনিক ভার্সন। এর ফলে উপভোক্তারা নিজেদের বাড়িতে বিদ্যুৎ নিয়ে বাড়তি তথ্য জানতে পারবেন।
সম্পর্কিত সংবাদ