Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ জয় স্মৃতিদের

২০১৭ সাল থেকে ঘরের মাঠে কোনও সিরিজ হারেনি অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। শনিবার স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউররা সেই অসাধ্য সাধনই করলেন।

অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ জয় স্মৃতিদের
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অ্যাডিলেড: ২০১৭ সাল থেকে ঘরের মাঠে কোনও সিরিজ হারেনি অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। শনিবার স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউররা সেই অসাধ্য সাধনই করলেন। তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারত ২-১ ব্যবধানে হারাল হোম টিমকে। এই নিয়ে দ্বিতীয়বার ডনের দেশে টি-২০ সিরিজ পকেটে পুরল ভারতের মহিলা ক্রিকেট দল। ২০১৬ সালে মিতালি রাজের দল টি-২০ সিরিজে ২-১ ফলে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এদিন সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ১৭ রানে জিতল টিম ইন্ডিয়া। 

Advertisement

টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে তুলেছিল ১৭৬। স্মৃতি মান্ধানা ৫৫ বলে করেন ৮২। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। জেমাইমা রডরিগেজ (৪৬ বলে ৫৯), রিচা ঘোষও (৭ বলে ১৮) রান পান। জবাবে ৯ উইকেটে ১৫৯ রানে থামে অস্ট্রেলিয়া। অ্যাশলে গার্ডনারের (৪৫ বলে ৫৭) লড়াই কাজে আসেনি। ভারতের দুই স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল (৩-২২) ও শ্রী চরণি (৩-৩২) নজর কাড়েন। ক্রান্তি গৌড়ের জায়গায় দলে আসা অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাওয়ার প্লে’র মধ্যেই দু’উইকেট নেন। সেটাই চাপে ফেলে দেয় অজিদের। অরুন্ধতী রেড্ডি (২-৩৫), রেণুকা সিংও (১-২৯) উইকেট নেন।
ম্যাচের সেরা মান্ধানা বলেন, ‘সিরিজ জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। অস্ট্রেলিয়ার মাটিতে ওদের হারানোর তৃপ্তিই আলাদা।’ ক্যাপ্টেন হরমনপ্রীত একই সুরে গলা মেলান, ‘এই জয় পুরোটাই দলগত প্রচেষ্টার ফসল। স্মৃতি ও জেমাইমা দুর্দান্ত ব্যাট করেছে। বোলাররাও নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে।’ মঙ্গলবার শুরু হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তারপর রয়েছে একটি টেস্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ