


বিশাখাপত্তনম: প্রথম দু’টি ম্যাচেই জয়। মহিলা ওডিআই বিশ্বকাপে শুরুটা দাপটে করেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার শিবিরে এল আরও এক সুখবর। সদ্য প্রকাশিত আইসিসি’র ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন স্মৃতি মান্ধানা। তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট ৭৯১। ৬০ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ন্যাট স্কিভার ব্রান্ট। আসলে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন স্মৃতি। তারই পুরস্কার মিলল। যদিও বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে বড় রান পাননি তিনি। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার গ্রুপের তৃতীয় ম্যাচে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে চেনা ছন্দে ফিরতে মরিয়া মান্ধানা।
দীর্ঘ ১১ বছর পর বিশাখাপত্তনমে মহিলা ক্রিকেটের ম্যাচ হবে। ২০১৪ সালের ২৩ জানুয়ারি এখানে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ভারতের প্রমীলা ব্রিগেড। তবে ভাইজাগের উইকেট বরাবর ব্যাটিং সহায়ক। এবছরই ছেলেদের আইপিএলে দুশোর বেশি স্কোর তাড়া করে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। তাছাড়া ২০১৯ সালে একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে ৩৮৭ স্কোর তুলেছিলেন রোহিত শর্মারা। এই সব পরিসংখ্যান অবশ্যই ভারতীয় মহিলা দলকে স্বস্তি জোগাচ্ছে। তাছাড়া চলতি মহিলা ওডিআই বিশ্বকাপে ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠেছেন প্রতিকা রওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মারা। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে রিচা ঘোষও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। তাই মান্ধানা ফর্মে ফিরে গেলে এই টিমকে অপ্রতিরোধ্য দেখাবে। বোলিংয়ে ক্রান্তি গৌড়, স্নেহ রানা, দীপ্তি শর্মারা নিয়মিত উইকেট পাচ্ছেন। তবে ভারতের চিন্তার জায়গা ফিল্ডিং। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও সহজ ক্যাচ ফস্কেছিলেন রিচা।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর রবিবার বিশাখাপত্তনমেই অস্টেলিয়ার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচের আগে এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ ও রবি কল্পনার নামে স্ট্যান্ড উদ্বোধন করা হবে। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এই বিষয়ে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীকে অনুরোধ করেন। তারপরই স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে উদ্যোগ নেওয়া হয়।