সংবাদদাতা, বজবজ: মহেশতলার জিনজিরা বাজার থেকে বাটা পর্যন্ত প্রায় ৭.২ কিলোমিটার দীর্ঘ সম্প্রীতি উড়ালপুলের সংস্কার শুরু হয়েছে। এর জন্য আগামী তিন মাস উড়ালপুল দিয়ে গাড়ি চলাচলে বেশ কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আপাতত মোটরবাইক, স্কূটার চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিস। একমাত্র ছাড় দেওয়া হয়েছে চারচাকা গাড়িকে। তবে এক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত চারচাকার গাড়ি উড়ালপুল দিয়ে যাতায়াত করতে পারবে। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাজ চলবে উড়ালপুলে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও ডায়মন্ডহারবার পুলিস সুপার লিখিতভাবে এই সিদ্ধান্ত মহেশতলা থানা, ট্রাফিক বিভাগ এবং পুরসভাকে জানিয়ে দিয়েছে। তার ভিত্তিতে মহেশতলা থানা যান নিয়ন্ত্রণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সংস্কারের কাজ করছে কেএমডিএ। ট্রাফিক বিভাগ ও মহেশতলা থানা সূত্রে জানা গিয়েছে, গোটা উড়ালপুলের উপর পিচের যে আস্তরণ রয়েছে, সেটি ভালো থাকার মেয়াদ ফুরিয়েছে। কেএমডিএর পর্যবেক্ষণ, এখন থেকে সংস্কারের কাজে হাত না দিলে সমস্যা বাড়তে পারে। তাই পুরনো পিচের আস্তরণ কেটে তুলে ফেলা হচেছ। কেএমডিএর এক আধিকারিক বলেন, ‘এই কাজ শেষ হতে তিন মাস লেগে যেতে পারে। দুর্ঘটনা এড়াতেই দু’চাকার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।



