সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর ২ নম্বর ব্লকের ডিহিমণ্ডলঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ন’জন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫ অক্টোবর। যদিও ওইদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস সমর্থিত ন’জন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। রবিবার এই ন’জনকে জয়ী ঘোষণা করার পাশাপাশি তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন শ্যামপুর ২ নম্বর ব্লকের সমবায় পরিদর্শক ঋজু সাহা। এদিন ফলাফল ঘোষণার পর সমবায়ের সদস্য ও তৃণমূল কর্মী, সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। চলে মিষ্টি মুখের পালা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রার্থীরা জয়ী হওয়ায় সমবায়ের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ডিহিমণ্ডলঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ বেরা।



