Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুল থেকে ফেরার পথে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আমডাঙায় ধৃত যুবক

স্কুল থেকে ফেরার পথে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আমডাঙায় ধৃত যুবক
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুল থেকে ফেরার পথে নাবালিকা ছাত্রীকে ছুরি দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মধু বিশ্বাস (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিস। এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েত এলাকায়। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া ওই নাবালিকা। সেই সময় নির্জন জায়গায় ছাত্রীকে পেয়ে যুবক তাকে আটকায়। ধারালো ছুরি দেখিয়ে সাইকেলে তুলে নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি পরিবারের লোককে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে দাবি। কিন্তু বাড়িতে ফিরে আচমকা অসুস্থ হয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রী। বাবা-মা চাপ দিতেই সমস্ত ঘটনা খুলে বলে সে। গত বৃহস্পতিবার রাতেই আমডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। ঘটনার তদন্তে নেমে শুক্রবার অভিযুক্ত মধুকে গ্রেপ্তার করেছে পুলিস। বর্তমানে জেল হেফাজতে রয়েছে যুবক।
নির্যাতিতার বাবা বলেন, মেয়ে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে ছুরি দেখিয়ে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছিল অভিযুক্ত। বিষয়টি জেনে আমরা থানায় অভিযোগ করি। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। 
ঘটনা জানার পরেই রবিবার নির্যাতিতা নাবালিকার বাড়িতে যায় বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে একটি দল। পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। এদিন ফাল্গুনী বলেন, এলাকাটি একেবারে নির্জন। তাই পুলিসের বাড়তি নজরদারি দরকার। নাহলে আগামী দিনে আরও বিপত্তি ঘটতে পারে। যদিও এ নিয়ে বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস। দলের আমডাঙা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত বলেন, আসলে ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি। পুলিস অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকায় বিদ্যালয়ের পর এলাকা নির্জন। পাশাপাশি রয়েছে জঙ্গলও। তাই, এই এলাকাতে পুলিসের নজরদারি দরকার।
সম্পর্কিত সংবাদ