Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গের ছ’টি দীঘাগামী ভলভো বাসের ‘ঘর’ বদল

প্রযুক্তিগত সাপোর্ট ও রক্ষণাবেক্ষণের সঠিক ব্যবস্থা নেই। ফলে উত্তরবঙ্গের ছ’টি দীঘাগামী বাসের ‘ঘর’ হবে কলকাতা। অর্থাত্, সেগুলি নিয়ন্ত্রণ করা হবে কলকাতার উল্টোডাঙা ডিপো থেকে।

উত্তরবঙ্গের ছ’টি দীঘাগামী ভলভো বাসের ‘ঘর’ বদল
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, রায়গঞ্জ: প্রযুক্তিগত সাপোর্ট ও রক্ষণাবেক্ষণের সঠিক ব্যবস্থা নেই। ফলে উত্তরবঙ্গের ছ’টি দীঘাগামী বাসের ‘ঘর’ হবে কলকাতা। অর্থাত্, সেগুলি নিয়ন্ত্রণ করা হবে কলকাতার উল্টোডাঙা ডিপো থেকে।

Advertisement

গত ২০ মে রায়গঞ্জ, মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের ডিপো থেকে একটি করে ভলভো বাসের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত সেই বাসগুলিকে এই ছ’টি ডিপো থেকে কলকাতায় স্থানান্তর করা হল। 
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে ভলভো বাসগুলির রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। এখানে বাসগুলি থাকলে মেরামতির জন্য প্রযুক্তিগত যে ব্যবস্থার প্রয়োজন, সেটা না থাকায়  বেগ পেতে হচ্ছে। এখন থেকে ৬টি ভলভো বাস কলকাতা থেকে নিয়ন্ত্রণ করা হবে। যদিও যাত্রীদের তাতে কোনও সমস্যা হবে না বলে নিগমের তরফ থেকে জানানো হয়েছে। 
নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, উত্তরবঙ্গে এখনও ভলভো বাস মেরামতির জন্য প্রযুক্তিগত কোনও পরিকাঠামো নেই। ফলে বাসগুলির ঠিকমতো সাপ্তাহিক কিংবা মাসিক রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।  সেজন্য কলকাতা থেকে বাসগুলি চালানো হবে। এত রুটের কোনও বদল হবে না। 
পার্থ জানান, কেউ দীঘা থেকে রায়গঞ্জ গেলে বাসটি প্রথমে ধর্মতলায় আসবে। আরেকটি বাস যাত্রীদের রায়গঞ্জে পৌঁছে দেবে। বর্তমানে ৬টি সরকারি ও প্রায় ২০টি বেসরকারি বাস উত্তরবঙ্গে যাতায়াত করে। শিলিগুড়িতে এই বাসের সার্ভিস সেন্টার গড়ে তোলা যায় কিনা, সেবিষয়ে  চিন্তাভাবনা চলছে।
রায়গঞ্জ ডিপোর ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিক বলেন, শনিবার ও সোমবার সন্ধ্যে ৭.৩০ টার সময় যেভাবে ছাড়ত, একইভাবে চলবে দীঘাগামী বাসটি।

সম্পর্কিত সংবাদ