নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম রয়েছে। কিন্তু বাবার পদবি ভুল। তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাসন্তীর শিবগঞ্জের বাসিন্দা জয় সিং। এসআইআর শুরু হওয়ার পর থেকেই উদ্বেগ আর দুশ্চিন্তা তাড়া করছিল তাঁকে। তৃণমূলের সহায়তা ক্যাম্প থেকে বিডিও অফিস পর্যন্ত ঘুরেছেন। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল, এতে কোনও সমস্যা হবে না। তবুও চিন্তামুক্ত হতে পারেননি তিনি। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫৬ বছরের জয় সিংয়ের। তাঁর পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই চাপ সহ্য করতে না পেরে হৃদরোগের শিকার হয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় সাইকেল মেকানিক ছিলেন জয়। কোনও কারণে ভোটের তালিকায় নাম না উঠলে কী হবে, তা নিয়ে প্রতিবেশী থেকে শুরু করে অনেকের সঙ্গেই আলোচনা করেছিলেন তিনি। এই ঘটনার পর জেলায় এসআইআর আতঙ্কে তিনজন মারা গেলেন বলে দাবি করা হচ্ছে। আগের দু’টি ঘটনা ভাঙড় ও কুলপির।



