হাড় কাঁপানো শীত। বৃষ্টির মতো করে ঝরছে শিশির বিন্দু। সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। এই পরিস্থিতিতেও আট মাসের মেয়েকে নিয়ে এসআইআরের শুনানিতে হাজির হলেন মা কবিতা রায়। সঙ্গে স্বামী পলাশচন্দ্র রায়। প্রথমে বেরুবাড়ি মোড় পর্যন্ত বাইকে আসেন তাঁরা। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাইক ছেড়ে পরে ভাড়া করেন টোটো। কনকনে ঠান্ডায় একরত্তিকে নিয়ে বাড়ি থেকে প্রায় ২০ কিমি পথ পেরিয়ে শুনানি কেন্দ্রে আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এনিয়ে কবিতা বলেন, ঠান্ডায় জবুথবু অবস্থা। কিন্তু বাধ্য হয়েই আট মাসের মেয়েকে নিয়ে এতটা পথ পেরিয়ে শুনানিতে হাজির হত হল। মেয়েকে রেখে আসব, তাকে দেখবে এমন কেউ নেই। এই দুর্ভোগের কোনও মানে হয় না।



