বেঙ্গালুরু: ভারতরত্ন বিজ্ঞানীকে এসআইআর নোটিস নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। এর রেশ কাটার আগেই এবার মুখ্যমন্ত্রীর মা, ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা ও তাঁর পরিবারের সদস্যরা ডাক পেলেন এসআইআর শুনানিতে! কারও নামে ভুল রয়েছে। কেউ আবার ২০০২ সালের এসআইআর তালিকায় ‘আনম্যাপড’। কর্ণাটকে ভোটার তালিকায় চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে এই অভিযোগ ঘিরে তুঙ্গে বিতর্ক। জানা গিয়েছে, নামে ভুল থাকায় নোটিস পেয়েছেন মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মা গৌরাম্মা। ডাক পেয়েছেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি ও তাঁর পরিবার। ২০০২ সালের তালিকায় তাঁদের ‘আনম্যাপড’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। একই কারণে নোটিস পেয়েছেন কন্নড় অভিনেতা শিবা রাজকুমারও। এদিকে অভিভাবকের নাম ভুল থাকায় শুনানিতে ডাক পেয়েছেন জিরোধা প্রতিষ্ঠাতা নীতিন, নিখিল কামাথ। নীতিন ও নিখিলের মা রেবতী কামাথকেও নোটিস পাঠানো হয়েছে। প্রশাসন অবশ্য জানিয়েছে, ভিআইপি ও বিশিষ্টদের কোনো সমস্যা হবে না। তাঁদের কাছে গিয়ে যাবতীয় কাজ সম্পন্ন করবেন আধিকারিকরা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ২৪ লক্ষের বেশি মানুষকে নোটিস ধরানো হয়েছে।



