নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এসআইআরের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন শুরু করেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে হিয়ারিংয়ে মানুষের হয়রানি বাড়ছে। জনসভা করে কেন্দ্রের স্বৈরাচারী সরকারকে বিঁধতে শুরু করলেন শাসকদলের নেতা-নেত্রীরা। বিজেপি ও কমিশনের আঁতাত সকলে প্রকাশ্যে তুলে ধরছেন। বুধবার আজিমগঞ্জের বাঁশুলিতলায় জনসভা করেন তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলা আদালতের সরকারি আইনজীবী কল্পতরু ঘোষ প্রমুখ।
বৈশ্বনরবাবু বলেন, বহিরাগতদের হাতে বাংলা বিপন্ন হতে পারে। বাংলার পরম্পরাকে আমাদেরই রক্ষা করতে হবে। বিজেপির হাত থেকে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে রক্ষা করতে হবে। কেন্দ্রে আছে এমন একটা সরকার যারা মানুষকে শুধু সমস্যায় ফেলতে চায়। বসন্তের কোকিল নই আমরা। নির্বাচনে শুধু আমাদের দেখা যায় এমন নয়। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যত কাজ করেছেন তার তুলনায় অন্যরা কী কাজ করেছেন? ৩৪ বছর ধরে যারা সরকারে ছিল তারা কী কাজ করেছে? এটা একবার ভাবুন। আজ এতবছর ভোটাধিকার প্রয়োগ করার পর ফের আমাদের আবার ভোটার তালিকায় নাম তুলতে হচ্ছে। রোগীকে স্ট্রেচারে করে এনে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে শুধুমাত্র ভোটাধিকার রক্ষার জন্য। আমরা ভারতের নাগরিক। এখানে জন্মালাম, এখানে বড় হলাম, এখানে পড়াশোনা করলাম, এখানে চাকরি করছি। কিন্তু, তারপরেও আমাদের ভোটাধিকার পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের কী আছে। যদি বাংলার ও আজিমগঞ্জের উন্নতি চান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের দরকার।
শাওনীদেবী বলেন, বিজেপির শেষের দিন শুরু হয়েছে। হাজার হাজার মানুষকে বিনা কারণে হয়রানি করা হচ্ছে। সামান্য ভুলের জন্য মুর্শিদাবাদ বিধানসভার ৫৬ হাজার ভোটারকে ফের শুনানিতে ডাকা হয়েছে। বিজেপির বাবুরা মানুষকে শুধু সমস্যায় ফেলতেই জানে। অনৈতিক এসআইআরের প্রতিবাদে সর্বত্র মানুষের ক্ষোভ বাড়ছে। আমাদের এদিনের বৈঠকে মানুষের ভিড় উপচে পড়ে। সকলেই কমিশন ও কেন্দ্রের নীতিহীন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।