সংবাদদাতা, বনগাঁ: বাগদায় বসে কোটি কোটি টাকার সাইবার প্রতারণা চক্র চালাত অভিযুক্তরা। আগেই এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিস। এবার চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করল তাঁরা। বৃহস্পতিবার বাগদা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ধৃতদের নাম সুমন বিশ্বাস ও সুমন সাধুখাঁ। সুমন বিশ্বাস চক্রের মূল পান্ডা বলে জানিয়েছে পুলিস। বাগদার সিন্দ্রাণীর কমলাবাস এলাকার বাসিন্দা তারা। বাগদা থানার সহযোগিতায় রাজ্য সাইবার ক্রাইম শাখার সদস্যরা তাদের গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে আদালত পুলিসি হেফাজতের নির্দেশ দেয়। জানা গিয়েছে, অভিযুক্তরা রাতারাতি নিজেদের জীবনযাত্রা বদল করে ফেলেছিল। হঠাৎ করে জীবনযাত্রার পরিবর্তন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তারা। সূত্রের খবর, প্রতারণার টাকায় ফুলেফেঁপে ওঠা যুবকরা সম্প্রতি একাধিক সম্পত্তির মালিক হয়ে উঠেছিল। গত ৮ নভেম্বর এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিস। তাদের হেফাজতে নিয়ে বেসরকারি এক ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেপ্তার করেছিল। তদন্তে পুলিস জানতে পেরেছিল, গোটা দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ২২০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে বিভিন্ন থানায়। পুলিস জানতে পেরেছিল, অভিযুক্তরা ১০ কোটির বেশি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত। যদিও পুলিসের অনুমান, সেই সংখ্যাটা বাড়তে পারে।



