Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার প্রতারণা নিয়ন্ত্রণে ‘ই-প্রহরী’ নয়া উদ্যোগ বারাকপুর কমিশনারেটের

সাইবার প্রতারণা নিয়ন্ত্রণে ‘ই-প্রহরী’ নয়া উদ্যোগ বারাকপুর কমিশনারেটের
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাইবার অপরাধ ঠেকাতে অভিনব উদ্যোগ নিল বারাকপুর পুলিস কমিশনারেট। তারা ‘ই-প্রহরী’ নামে হেল্পলাইন নম্বর চালু করেছে। এখানে ফোন করে সাইবার প্রতারণা নিয়ে সচেতন হওয়ার পাশাপাশি অভিযোগও জানাতে পারবে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সোদপুর ট্রাফিক মোড়ে ‘ই-প্রহরী’র আনুষ্ঠানিক সূচনা করেন পুলিস কমিশনার অলক রাজোরিয়া। এই হেল্পলাইন নম্বর ছাড়াও স্কুল ও কলেজের পড়ুয়াদের নিয়ে পথনাটক ও সেমিনারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
Advertisement
দেশজুড়ে সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। নবতম সংযোজন ডিজিটাল অ্যারেস্ট। প্রতারকরা নানান ছলাকলায় শিক্ষিত, মধ্যবিত্তদেরও ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আদায় করছে। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়েছেন বারাকপুর কমিশনারেটের অনেকেই। তাই সরকারের তরফে মানুষকে সাইবার প্রতারণা নিয়ে সচেতন করতে নানান চেষ্টা করা হচ্ছে। কমিশনারেটে বিভিন্ন থানা এলাকার প্রতারিত মানুষদের হাতে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে তুলেও দেওয়া হচ্ছে। কিন্তু এমন ঘটনা আটকাতে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। সেই লক্ষ্যে নাটককে হাতিয়ার করা হয়েছে। কমিশনারেট এলাকার মধ্যে শীতের মরশুমের বিভিন্ন মেলায় স্কুল ও কলেজ স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে সাইবার ক্রাইম কী, কীভাবে প্রতারণা করা হচ্ছে, এটা ঠেকাতে মানুষের কী করা উচিত ও কী করা উচিত নয়, সেগুলো তুলে ধরা হবে। 
এছাড়া এদিন সাইবার সচেতনতায় ‘ই-প্রহরী’ নম্বর চালু করা হয়।  ৯১৪৭৮৮৯৫৮২ টোল ফ্রি নম্বর প্রতিটি থানায় চালু করা হয়েছে। প্রতারকদের ফোন কল কিংবা মেসেজ এলে কী করা উচিত, কী করা উচিত নয়, এই সংক্রান্ত যাবতীয় বিষয়, এই টোল ফ্রি নম্বরে ফোন করে মানুষ জানতে পারবে। পুলিস কমিশনার অলোক রাজোরিয়া বলেন, মানুষকে এভাবে সচেতন করে আমরা যদি প্রত্যেক মাসে ৩০ থেকে ৪০ শতাংশ সাইবার ক্রাইম কমাতে পারি, তাহলে এই কর্মসূচি সার্থক হবে। সেই লক্ষ্যে ই-প্রহরী কাজ করবে। তিনি আরও বলেন, এই সময়ে রক্তের ঘাটতি মেটাতে এদিন পুলিসকর্মীরা রক্তদান শিবিরের আয়োজনও করেন।
সম্পর্কিত সংবাদ