Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে নদী থেকে অবৈধভাবে সাদা বালি তুলে ইটভাটায়, ধৃত ৪

শ্যামপুরে নদী থেকে অবৈধভাবে সাদা বালি তুলে ইটভাটায়, ধৃত ৪
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া:  ইটভাটায় সরবরাহের জন্য নদী থেকে সাদা বালি তুলে মজুত করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল শ্যামপুর থানার পুলিস। সোমবার বিকেলে শ্যামপুর ২ নং ব্লকের শশাটি গ্রাম পঞ্চায়েতের ধানকাটা খালের কাছে সাদা বালি, একটা বালি বহনকারী ট্রলার ও একটি টোটো বাজেয়াপ্ত করেছে পুলিস। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে, বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রূপনারায়ণ থেকে অবৈধভাবে বালি তুলে স্থানীয় একটি ইটভাটায় সেই বালি সরবরাহের অভিযোগ আসছিল। সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শ্যামপুর থানার পুলিস শশাটি গ্রাম পঞ্চায়েতের ধানকাটা খালের কাছে অভিযান চালালে বালি সহ একটি ট্রলার এবং একটি টোটো আটক করে ও প্রচুর পরিমাণে সাদা বালি বাজেয়াপ্ত করে। পরে অবৈধভাবে বালি তোলা ও সরবরাহের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিস। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, অভিযুক্তরা একটা ইটভাটায় বালি সরবরাহের জন্য নদী থেকে সাদা বালি তুলে এক জায়গায় জড়ো করে সেখানে থেকে ইটভাটায় সরবরাহ করছিল। পুলিস বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে জিনিসত্র বাজেয়াপ্ত করে এবং চারজনকে গ্রেপ্তার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ