পূর্বাশা দাস: প্রথম সবকিছুর সঙ্গেই জড়িয়ে থাকে আলাদা অনুভূতি। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিও ব্যতিক্রম নন। ছোটপর্দার বেশ কিছু কাজের পর এবার ওটিটি ডেবিউ তাঁর কাছে এক অনন্য অনুভূতি হয়ে থাকবে বলে জানালেন। ছোটপর্দা দিয়ে শ্যামৌপ্তির অভিনয়ের শুরু। একের পর এক ধারাবাহিক অভিনয়ের সুবাদে ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে। এরপর বেশ কয়েকদিনের বিরতি কাটিয়ে নতুন জার্নি শুরু করলেন নায়িকা। ওটিটি প্ল্যাটফর্মে পথচলার অভিষেক হল তাঁর। শ্যামৌপ্তির প্রথম ওয়েব সিরিজ জি ফাইভের ‘রঙ্কিনী ভবন’। পরিচালক অভ্রজিৎ সেন। শ্যামৌপ্তির কথায়, ‘আমার অভিনয় জীবনে ‘রঙ্কিনী ভবন’ স্পেশাল হয়ে থাকবে। এই সিরিজের মাধ্যমে আমার ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের যাত্রা শুরু হল। এই সিরিজের গল্পে বিভিন্ন বাঁক রয়েছে। আশা করছি দর্শক উপভোগ করবেন।’ এই সিরিজে শ্যামৌপ্তির সঙ্গে জুটি বাঁধছেন গৌরব রায়চৌধুরী।



