চণ্ডীগড়: ছন্দে ফিরতে শুভমান গিলের নজর এখন ঘরোয়া ক্রিকেটে। পাঞ্জাবের বিজয় হাজারে ট্রফির দলে নাম রয়েছে তাঁর। স্কোয়াডে আছেন জাতীয় দলের দুই সতীর্থ অভিষেক শর্মা ও অর্শদীপ সিং। পাশাপাশি মুম্বইয়ের হয়ে প্রথম দু’টি ম্যাচে খেলবেন সূর্যকুমার যাদব। গিলের মতো ফর্ম হাতড়াচ্ছেন ভারতের টি-২০ দলের অধিনায়ক। একই আসরে দেখা যাবে রোহিত শর্মা (মুম্বই), বিরাট কোহলিকেও (দিল্লি)।
ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় গিল। মাথায় শোভা পাচ্ছে টেস্ট এবং ওয়ান ডে’র অধিনায়কের মুকুট। কিন্তু কুড়ির ক্রিকেটে যে এভাবে হোঁচট খেতে হবে, তা বোধহয় কল্পনাই করেননি তিনি। অফ ফর্মের কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি তারকা ব্যাটসম্যানের। তাই বিজয় হাজারে ট্রফিতে আলাদা নজর থাকবে গিলের দিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে চেনা ছন্দে ফেরাই তাঁর চ্যালেঞ্জ। আর তার আদর্শ মঞ্চ বিজয় হাজারে ট্রফি। তবে পাঞ্জাবের দলে থাকলেও গিল, অভিষেক ও অর্শদীপ কতগুলি ম্যাচ খেলবেন তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একদিনের সিরিজ শুরু ১১ জানুয়ারি। অধিনায়ক গিল অবশ্যই ওয়ান ডে’তে খেলবেন। ফলে তাঁর পক্ষে বিজয় হাজারেতে গ্রুপ পর্বের চার-পাঁচটি ম্যাচের বেশি খেলা সম্ভব নয়।