নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রায় ৮৫০ বিঘা জমিতে মাছের ভেড়ি করছেন। সেখানে তিনি বাগদা, গলদা, রুইমাছের চাষ করবেন। আর তার জন্য টেবিল-চেয়ার পেতে দু’ঘণ্টায় এক কোটি টাকা জমি-মালিকদের হাতে তুলে দিলেন দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। সুষ্ঠুভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে চলল মাইকিং ও পুলিসের পাহারা। রবিবার এই ঘটনা নিয়ে বারাসত ২ নং ব্লকের শাসন এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। শীতের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের হাতের কাগজ খতিয়ে দেখে নগদ তুলে দিয়েছেন ওই তৃণমূল নেতা। জমির মালিকদের এদিন জমির ভাড়া (লিজ) বাবদ এক বছরে যা হয়, তার অর্ধেক টাকা তুলে দেন তিনি।
Advertisement
জানুয়ারি থেকে নতুন করে ভেড়িতে মাছ চাষ শুরু হবে। তাই এলাকার তিন হাজারের বেশি চাষির কাছ থেকে জমি লিজে নিয়েছেন আব্দুল হাই। রবিবার স্থানীয় পাকদহ মাঠে রীতিমতো উৎসবের মেজাজে চলে টাকা বিলির পর্ব। আব্দুল হাই বলেন, ‘মাছ চাষের জন্য এদিন এক কোটি টাকা তুলে দেওয়া হল। আমি ভেড়ি কমিটির দায়িত্বে আসার পর টাকা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এনেছি। কাগজ দেখে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে দেওয়া হয়েছে।’



