নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রতিবেশীর চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে হালিশহরে এক যুবকের ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করল বারাকপুরের পকসো আদালত। সেই সঙ্গে রঞ্জিত দে নামে ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দু’বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক মৌ চট্টোপাধ্যায়। ওই আদালতের সরকারি আইনজীবী অসীমকুমার দত্ত বলেন, ২০১৮ সালের ৩০ মার্চ সন্ধ্যায় প্রতিবেশী শিশুকন্যা তার বাড়িতে এলে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় রঞ্জিত। ৩১ মার্চ বীজপুর থানায় এফআইআর হয়। গ্রেপ্তার হয় অভিযুক্ত। শিশুকন্যার মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের অভিযোগ মেলে। এরপর অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়। সাক্ষ্যদান পর্ব শেষে সাজা ঘোষণা করেন বিচারক।



