নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেন্ট্রাল রেফারেল ব্যবস্থা চালু হয়েছে প্রায় এক মাস হল। ১৫ অক্টোবর থেকে সেই ব্যবস্থা চালুর পরও রেফার ভোগান্তি থামার নামই নিচ্ছে না রাজ্যে। বাঁকুড়া থেকে গুরুতর অসুস্থ শিশুকে নিয়ে এসে চরম ভোগান্তির শিকার হল তার বাড়ির লোকজন। বাঁকুড়া সম্মিলনির পর ন্যাশনাল মেডিক্যাল, পিজি—কলকাতার একাধিক মেডিক্যাল কলেজে লাট্টুর মতো চড়কিপাক খেতে হল শিশুটিকে। বাড়ির লোকজনের অভিযোগ, তার মুখ দিয়ে অনবরত রক্তপাত হচ্ছিল। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রচারিত হতে ঘুম ভাঙে প্রশাসনের। শেষমেশ বাচ্চাটিকে ভর্তি করে পিজি। তবে তিন বছরের ওই খুদের বাড়ির লোকজনের অভিযোগ, কলকাতার একের পর এক হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে ঘুরলেও চিকিৎসা মেলেনি। রাজ্যের এক নম্বর সুপারস্পেশালিটি হাসপাতাল পিজিতে নিয়ে গেলেও প্রথমে ভর্তি করা হয়নি। উল্টে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা বন্ধ করতে বলা হয়। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর পরও কেন এভাবে মানুষকে ভুগতে হচ্ছে, প্রশ্ন করা হলে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যভবনের একাধিক কর্তা বলেন, বেডের যতটা অভাব আছে বলে প্রচার করা হচ্ছে, ততটা অভাব নেই। কোথাও কোনও অন্তর্ঘাত হচ্ছে কি না, বা রাজ্যকে বদনাম করবার জন্যও এমন করা হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে।



