জয়পুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে রয়েছেন শ্রেয়স আয়ার। কিন্তু তার জন্য ফিটনেস যাচাই জরুরি। এরমধ্যে বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। বোর্ডসূত্রে জানা গিয়েছে যে, এই সিরিজে তাঁর খেলা ৯৯ শতাংশ নিশ্চিত। কিন্তু বোর্ডের নীতি অনুসারে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পরীক্ষা না দিলে জাতীয় দলে আসা সম্ভব নয়। সেখানে ১০০ ওভার খেলার ধকল তিনি নিতে পারছেন কিনা তা দেখা হবে।
মুম্বইয়ের হয়ে সেজন্যই মঙ্গলবার হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলবেন শ্রেয়স। যদি ফিটনেস সন্তোষজনক হয়, তবে সরাসরি বরোদায় ভারতীয় শিবিরে যোগ দেবেন তিনি। কিউয়িদের বিরুদ্ধে সিরিজের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি সহ সমস্ত ক্রিকেটার বুধবারই পৌঁছবেন সেখানে। তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু ১১ তারিখ। মুম্বই ক্রিকেট সংস্থা জানিয়েছে যে, বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য শ্রেয়সকে সবুজ সংকেত দিয়েছে সেন্টার অব এক্সেলেন্স। সূর্যকুমার যাদব ও শিবম দুবের সঙ্গে রবিবারের মধ্যেই তাঁর জয়পুরে পৌঁছনোর কথা।
তবে হিমাচলের বিরুদ্ধে শ্রেয়সের ফিটনেস যদি সন্তোষজনক না হয়, তাহলে বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধেও নামবেন তিনি। সেক্ষেত্রে ওই ম্যাচের পর বরোদায় দলের সঙ্গে যোগ দেবেন মুম্বইকর। জয়পুরে শনিবার থেকেই রয়েছেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। শ্রেয়সকে দেখার জন্য আর এক নির্বাচক আরপি সিংও আসতে পারেন সেখানে। ফিটনেস নিয়ে যদি নির্বাচকদের সংশয় থাকে, একমাত্র সেক্ষেত্রেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফেরা পিছিয়ে যাবে। পরিবর্তে ডাক পাবেন ঋতুরাজ গায়কোয়াড়।
মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে গোয়ার বিরুদ্ধে খেলবেন শুভমান গিলও। পেটের গণ্ডগোলে শনিবার সিকিমের বিরুদ্ধে খেলেননি তিনি। বোর্ডের নির্দেশ মতো ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে অধিনায়ক হিসেবে নামার আগে তাই পাঞ্জাবের প্রতিনিধিত্ব করবেন তিনি। তবে টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে না রাখা নিয়ে বিতর্ক অব্যাহত। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং তো রীতিমতো বিস্মিত, ‘অবিশ্বাস্য! জানি সাদা বলের ক্রিকেটে ও সেরা ছন্দে নেই। তবে ওর মতো ক্রিকেটারের দলে সুযোগ না পাওয়া অবাক হওয়ার মতোই।’