নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ৬৪ লক্ষ টাকা প্রতারণা ও জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারাসত থেকে এক যুবককে গ্রেপ্তার করলেন লালবাজার সাইবার থানার গোয়েন্দারা। ধৃতের নাম তন্ময় পাল। কোটি কোটি টাকা লাভের টোপ দিয়ে সে শেয়ারে বিনিয়োগ করাত বিভিন্নজনকে। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, সোমবার রাতে বারাসতের নবপল্লি বয়েজ স্কুলের কাছ থেকে তন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। সে সাম্প্রতিক অতীতে রেলের টিকিট জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একবার গ্রেপ্তার হয়েছিল। উল্লেখ্য, গত ১ অক্টোবর হোয়াটসঅ্যাপ মেসেজে শেয়ারে বিনিয়োগের প্রস্তাব পান এক ব্যক্তি। সরল বিশ্বাসে ভর করে তিনি শেয়ারে বিনিয়োগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সূত্রে পাওয়া বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৬৪ লক্ষ টাকা জমা করেন। অভিযোগ, কোটি কোটি টাকা লাভ তো দূরের কথা, বিনিয়োগ করা ৬৪ লক্ষ টাকাও ফেরত পাচ্ছিলেন না তিনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যক্তি কলকাতা পুলিসের সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে তদন্তে নামেন লালবাজার সাইবার থানার গোয়েন্দারা। এই তদন্তের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা এই চক্রের বাকি সদস্যদের হদিশ পেতে চাইছেন।



