Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হটমিক্সের কাঁচামালে টান, ঢিমেতালে রাস্তার কাজ, বিপুল স্টোন ডাস্টের বরাত দিচ্ছে পুরসভা

পর্যাপ্ত কাঁচামাল নেই। যে কারণে রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় হটমিক্স তৈরি করা যাচ্ছে না। শহরে রাস্তার কাজের গতি শ্লথ হয়ে পড়েছে।

হটমিক্সের কাঁচামালে টান, ঢিমেতালে রাস্তার কাজ, বিপুল স্টোন ডাস্টের বরাত দিচ্ছে পুরসভা
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৪:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্যাপ্ত কাঁচামাল নেই। যে কারণে রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় হটমিক্স তৈরি করা যাচ্ছে না। শহরে রাস্তার কাজের গতি শ্লথ হয়ে পড়েছে। পুরসভার পরিকল্পনা ছিল, পাথরঘাটার নির্মাণ-বর্জ্য পুনর্নবীকরণ কেন্দ্র থেকে নিয়মিত স্টোন ডাস্ট কেনা হবে। কিন্তু সেখান থেকে পর্যাপ্ত সরবরাহ নেই। রাস্তা তৈরির হটমিক্সের তৈরি করতে অন্যতম কাঁচামাল এই স্টোন ডাস্ট। এই পরিস্থিতিতে বাজার থেকে ৪৫ হাজার টন স্টোন ডাস্ট কিনতে চলেছে কলকাতা পুরসভা। যদিও আধিকারিকদের দাবি, এটা নতুন কিছু নয়। কাঁচামাল ‘স্টক’ করার প্রক্রিয়া চলছে।  

Advertisement

পুরসভা সূত্রে খবর, পর্যাপ্ত স্টোন ডাস্ট না থাকায় গত প্রায় দু’সপ্তাহ ধরে হটমিক্স তৈরি করা যাচ্ছে না। ফলে বিভিন্ন অঞ্চলে নতুন রাস্তা তৈরি বা পুরোনো রাস্তা সংস্কারের কাজ গতি হারিয়েছে। শুধুমাত্র আপৎকালীন ভিত্তিতে কিছু কিছু রাস্তার জন্য পুরোনো স্টক থেকে স্টোন ডাস্ট নিয়ে কাজ চালানো হচ্ছে। দক্ষিণ কলকাতার এক কাউন্সিলার জানান, সম্প্রতি তাঁর ওয়ার্ডে রাস্তা সংস্কারের জন্য ১৫ গাড়ি হটমিক্স দরকার ছিল। সেই জায়গায় মিলেছে মাত্র দু’গাড়ি। শহরের বিভিন্ন অঞ্চলে ছবিটা কমবেশি এক। আচমকা কেন এই পরিস্থিতি? আধিকারিকরা জানাচ্ছেন, প্রথমে ঠিক হয়েছিল, পাথরঘাটার নির্মাণ-বর্জ্য পুনর্নবীকরণ প্লান্ট থেকে স্টোন ডাস্ট কেনা হবে। তাতে জোগান ঠিক থাকার পাশাপাশি খরচও কিছুটা কমবে। পরবর্তী সময়ে দেখা যায়, পাথরঘাটার প্রকল্প থেকে প্রতিদিনের প্রয়োজনীয় স্টোন ডাস্ট পাওয়া যাচ্ছে না। এক আধিকারিক বলেন, ‘পাথরঘাটার প্লান্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তারা প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ টন স্টোন ডাস্ট দিতে পারবে। কিন্তু আমাদের রোজ অন্তত ৩৫০ থেকে ৪০০ টন স্টোন ডাস্ট প্রয়োজন।’ বিভাগীয় আধিকারিকদের হিসেব, স্বাভাবিকভাবে এক হাজার টন হটমিক্স তৈরি করতে গেলে তার ৪০ শতাংশ অর্থাৎ ৪০০ টন স্টোন ডাস্ট প্রয়োজন হয়। সাধারণ সময় প্রতিদিন শহরে প্রায় হাজার টন হটমিক্সের চাহিদা থাকলেও পুজোর সময় বা তার আগে-পরে রোজ ২০০০ টন পর্যন্ত হটমিক্স তৈরি করতে হয়। তখন দিনে ৮০০ টন স্টোন ডাস্ট প্রয়োজন হয়। চলতি বছর বৃষ্টির খামখেয়ালিপনার কারণে অনেক জায়গায় একাধিকবার রাস্তা তৈরি করতে হয়েছে। ফলে হটমিক্সও বেশি লেগেছে। স্বভাবতই স্টোন ডাস্টের স্টক ফুরিয়েছে দ্রুত। 
এক পুরকর্তা বলেন, ‘কাজ সামলাতে পাথরঘাটা থেকে ৩৭ টন স্টোন ডাস্ট নিয়ে আসা হয়েছে। তাছাড়া, নিয়মিত ভিত্তিতে ওরা ১০ থেকে ১২ টন পাঠাচ্ছে। এই অবস্থায় আপাতত শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বা যেখানে খুব প্রয়োজন, সেরকম রাস্তার কাজগুলি চালানো হচ্ছে। তবে ফাইল উঠেছে। মেয়র পরিষদের সিলমোহর পেলেই একলপ্তে অনেক পরিমাণ স্টোন ডাস্ট বাজার থেকে কেনা হবে। বাকিটা নিয়মিত ভিত্তিতে পাথরঘাটা থেকে আসবে। আগামী দিনে পাথরঘাটায় উৎপাদন বাড়ানো গেলে বাজার থেকে কেনার পরিমাণ কমিয়ে দেওয়া যাবে। তাতে পুরসভারও খানিকটা সাশ্রয় হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ