Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শনিবার শুরু কার্তিক পুজো, উৎসব ঘিরে বাঁশবেড়িয়াজুড়ে সাজ সাজ রব

শনিবার শুরু কার্তিক পুজো, উৎসব ঘিরে বাঁশবেড়িয়াজুড়ে সাজ সাজ রব
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জগদ্ধাত্রী পুজো শেষে হল। কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। ১৬ নভেম্বর, শনিবার বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক উৎসব শুরু হচ্ছে। বৃহস্পতিবার একাধিক পুজো ও পুজোর গাইড ম্যাপ উদ্বোধন হবে। প্রশাসন ও উদ্যোক্তাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মণ্ডপ থেকে আলো, ব্যবস্থাপনা থেকে নিরাপত্তা ব্যবস্থার কাজ প্রায় শেষের পথে। বাঁশবেড়িয়া ছাড়াও  সাহাগঞ্জ, কেওটাতে রয়েছে পুজোর আবহ। গঙ্গাপাড়ের বাঁশবেড়িয়ার সর্বত্র এখন সাজসাজ রব। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পর বাঁশবেড়িয়ার কার্তিক পুজো ঘিরে হুগলিবাসীর আগ্রহ থাকেই। উৎসব মরশুমের শেষ পুজোটির স্বাদ শুষে নিতে কোমর বেঁধেছে আবালবৃদ্ধ।
Advertisement
বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান ও কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির কর্তা আদিত্য নিয়োগী বলেন, ‘প্রশাসনের সঙ্গে বৈঠক থেকে শুরু করে অন্যান্য প্রস্তুতি সারা হয়েছে। রাস্তাঘাটে ও জলেও নিরাপত্তার ব্যবস্থা রেখেছে পুলিস। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক সমন্বয় বৈঠক হয়েছে।’ কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গিয়েছে, অনুমোদিত পুজোর সংখ্যা ৭১। কিন্তু সাকুল্যে পুজোর সংখ্যা প্রায় ১৫০। সঙ্গে সাহাগঞ্জ, কেওটাতেও পুজোর সংখ্যা বাড়ছে। একদা পারিবারিক পুজো এখন সর্বজনীন হয়ে ক্রমে হচ্ছে বিস্তৃত।
বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর রমরমা কীভাবে শুরু হয়েছিল তার কোনও খতিয়ান সেভাবে মেলে না। জনশ্রুতি রয়েছে অনেক তবে প্রামাণ্য নথি  বিশেষ মেলে না। মোটামুটি যতটুকু তথ্য মেলে তা থেকে জানা যায়, সন্তানের চাহিদা থেকে সাবেক জমিদারদের হাত ধরে কার্তিক পুজোর প্রচলন হয়েছিল কোনও এক সময়। ক্রমে তা সর্বজনীন রূপ পেয়েছে। আর উৎসবে পরিণত হয়েছে। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর মরশুমে সমস্ত দেবদেবী এমনকি ভারতমাতারও পুজো হয়। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান শেষ হতেই বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর তৎপরতা শুরু হয়।
এবারও জগদ্ধাত্রীর বিসর্জন হতেই কার্তিক পুজোকে ঘিরে চুঁচুড়া থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত উৎসব শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে সেজে উঠছে থিমের কার্তিক থেকে কালী, নারায়ণ শিলাও। নানা বাহারের কার্তিক যেমন জামাই কার্তিক, জ্যাংড়া কার্তিক, সেনাপতি কার্তিকের পুজো হয়। মণ্ডপসজ্জায় থিমের হিড়িক। পুজো ঘিরে আছে প্রতিযোগিতা, আছে ভাসানের প্রতিযোগিতাও। ১৬ নভেম্বর থেকে জনস্রোতের ইঙ্গিত এখনই পেয়ে গিয়ে প্রস্তুতি শুরু করেছে পুলিস ও পুজো উদ্যোক্তারা। শেষ তুলির টান দেওয়া চলছে। কার্তিকের রূপ আরও মোহন হয়ে উঠছে শিল্পীর হাতে। 
কুণ্ডুগলি নটরাজ পুজোর প্রস্তুতি
সম্পর্কিত সংবাদ