নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি চোখের চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির কালীপুজোয় তিনি ছিলেন কালো চশমা পরে। কিন্তু এবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চলেছেন তৃণমূলের সেনাপতি। আগামী শনিবার নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনি করবেন অভিষেক। ৯ নভেম্বর বিকেলে ডায়মন্ডহারবার লোকসভা আসনের অন্তর্গত আমতলায় বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে দলের নেতা, কর্মী, সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন অভিষেক।
Advertisement
কিছুদিন আগে চোখে অস্ত্রোপচার হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে যেতে হয়েছিল। এখন চিকিৎসকদের পরামর্শেই রয়েছেন তিনি। এই অবস্থায় গত বৃহস্পতিবার কালীঘাটে বাড়ির কালীপুজোতেও উপস্থিত ছিলেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শে অভিষেককে কালো চশমা পরে পুজোর হোম-যজ্ঞের অনুষ্ঠানে বসতে হয়েছিল। আগের থেকে এখন একটু ভালো আছেন তিনি। তাই বিজয়া সম্মিলনির অনুষ্ঠানেও যোগ দিতে চলেছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড। নিজের সংসদীয় এলাকাকে উন্নয়নের মানচিত্রে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। তাই চোখে অস্ত্রোপচারের পর অভিষেকের প্রথম কর্মসূচি হতে চলেছে ডায়মন্ডহারবারেই। বিজয়া সম্মিলনির অনুষ্ঠানে সকলের সঙ্গে সৌজন্যসাক্ষাতের আবহে বিশেষ কোনও বার্তা অভিষেক দেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পরবর্তী সময়ে আর কী কী কর্মসূচি অভিষেক নিতে চলেছেন, সেদিকেও রাজনৈতিক মহলের কৌতূহল থাকছে। দলে যোগদান, সাংগঠনিক রদবদল কবে হবে, সে-সম্পর্কে অভিষেকের কর্মকাণ্ডের দিকে রাজনীতির কারবারিদের নজর রয়েছে তীক্ষ্ণ।



