নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের শালিমার স্টেশনে উত্তেজনা। মুম্বইয়ের ব্যবসায়ী বনি আমিন রাজ কিছুদিন আগে সপরিবারে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার গ্রামের বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শালিমার স্টেশন থেকে মুম্বইয়ে ফেরার কথা ছিল তাঁদের। শালিমার রেলস্টেশনে পার্কিং লটের সামনে গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছিলেন তিনি। অভিযোগ, তখন আচমকাই লাঠি ও লোহার রড সহ প্রায় ১০-১৫ জন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে টাকা দাবি করে। এতেই ব্যবসায়ীর সঙ্গে দুষ্কৃতীদের বচসা বাঁধে। শুরু হয় মার। ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি তাঁর ছেলেকেও বেধড়ক মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় পার্স-মোবাইল। ঘটনায় বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের হয়েছে।



