নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত রবিবার রাতে হাওড়ার শালিমার রেল স্টেশনে ছ’জন শিশুকে উদ্ধার করার পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করেছে আরপিএফ। ধৃতদের নাম নুর হোসেন ও প্রিয় সামুই। উদ্ধার হওয়া শিশুরা অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের শিশু শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য তামিলনাডুর মাদুরাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল নুর ও প্রিয়। শিশু শ্রমিক পাচারের ঘটনায় আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া শিশুদের হোমে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই পাচারকারীকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



