সংবাদদাতা, বনগাঁ: পথকুকুরকে মারধর করার প্রতিবাদ করায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল তাঁরই প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। অন্যজন পলাতক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, বনগাঁ থানার সুভাষপল্লি এলাকায়। জানা গিয়েছে, ওই রাতে সন্তানসম্ভবা এক পথকুকুরকে লাঠি দিয়ে মারছিল সুদীপ্ত ঘোষ ও বিজয় ঘোষ নামে মহিলার দুই প্রতিবেশী। তখন ওই মহিলা প্রতিবাদ করতে গেলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ। রাতেই ওই মহিলা বনগাঁ থানায় সুদীপ্ত ও বিজয় ঘোষের নামে অভিযোগ করেন। মহিলাকে মারধরের অভিযোগে পুলিস সুদীপ্ত ঘোষকে গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্ত বিজয় ঘোষের খোঁজ চলছে।



