নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ডেলিভারি বয়কে গ্রেপ্তার করল পুলিস। সূত্রের খবর, বুধবার বিকেলে একটি পার্সেল ডেলিভারি করার জন্য ওই বাড়িতে যায় ওই ব্যক্তি। সেই সময় বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। এরপর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, কাজের সূত্রে মাহেশে একটি ভাড়া বাড়িতে থাকে অভিযুক্ত। তার আসল বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। এ বিষয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে পুলিসের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে পরামর্শ দেন।



