নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী শুক্র ও শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। শীতের তীব্রতা চলতি সপ্তাহে কমবে। কলকাতাসহ সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস ঢোকার জন্য মূলত আবহাওয়া এই পরিবর্তন হবে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তুরে হাওয়া দুর্বল হচ্ছে। সেই কারণেও তাপমাত্রা বাড়ছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটির অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে। কিন্তু এই নিম্নচাপটির পরোক্ষ প্রভাবে পুবালি বাতাস দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়াবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া জেলায় শুক্র ও শনিবার দু’দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।। বাকি জেলাগুলিতে শুধু শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে শুক্রবার। পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভার পড়বে পাহাড়ে।
Advertisement
আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। আজ বুধবার বৃষ্টির ব্যাপারে আরও নির্দিষ্ট পূর্বাভাস দেবে আবহাওয়া দপ্তর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি।



