Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সহজে বাছাই হবে অপচনশীল আবর্জনা, ২৭ কোটি খরচে নয়া মেশিন বসছে ধাপায়

সহজে বাছাই হবে অপচনশীল আবর্জনা, ২৭ কোটি খরচে নয়া মেশিন বসছে ধাপায়
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারযোগ্য করার প্রক্রিয়াকে আরও উন্নত ও গতিশীল করতে ধাপায় নতুন প্লান্ট বসানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। এর জন্য ২৭ কোটি টাকা খরচ করে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় মেশিন। তার মাধ্যমে দিনে ১০০ টন প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ করা সম্ভব। জানা গিয়েছে, মেশিনের মধ্যে জঞ্জাল ফেললে নিজে থেকেই পৃথকীকরণ হবে বর্জ্য। এতদিন পুরসভার এ সংক্রান্ত নিজস্ব ইউনিট ছিল না। বেসরকারি সংস্থাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন স্বয়ংক্রিয় মেশিন বসালে পুরসভাও বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে আয় বাড়াতে পারবে বলে মত পুরকর্তাদের।
Advertisement
শহরে গত কয়েক বছর ধরে উৎসেই জঞ্জাল পৃথকীকরণের প্রক্রিয়া চালু হয়েছে। তার জন্য বাড়ি বাড়ি বিলি করা হয়েছে সবুজ এবং নীল বালতি। সবুজ বালতিতে পচনশীল বর্জ্য এবং নীল বালতিতে প্লাস্টিক, অপচনশীল ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য রাখতে বলা হয়েছিল। এই নীল বালতির জঞ্জাল পৃথক করতে ধাপায় প্লান্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই মেশিন অপচনশীল বর্জ্যগুলির মধ্যে থেকে বিভিন্ন ধরনের শুকনো জঞ্জাল আরও নিখুঁতভাবে ঝাড়াই-বাছাই করতে পারবে বলে জানিয়েছেন পুরসভার জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা। বর্তমানে ধাপায় বেসরকারি উদ্যোগে অপচনশীল বর্জ্য থেকে প্লাস্টিক বা ওই জাতীয় জঞ্জালকে আলাদা করে তাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। তা দিয়ে তৈরি হচ্ছে দরজা-জানালা, ফুলদানি, টব, টেবিল সহ বিভিন্ন ধরনের সামগ্রী। এই মেশিন প্লাস্টিককে আলাদা করার পাশাপাশি ছোট কাঠের টুকরো, সূক্ষ্ম সূক্ষ্ম ধাতব বর্জ্য পৃথক করতে সুবিধা হবে। এক কর্তা বলেন, এমন কিছু বর্জ্য রয়েছে, যা পচনশীল নয়, কিন্তু তা পুড়িয়ে তাপ উৎপাদন করা যায়। সেই বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে পুরসভার। সেই ধরনের বর্জ্য মেশিনের মাধ্যমে পৃথক করতে সুবিধা হবে। পাশাপাশি, বাকি অংশ বাইরে বিক্রি করাও যাবে। তাতে পুরসভার আয় বাড়বে।  শুধু এই প্লান্ট নয়, থার্মোকলকে পুনর্ব্যবহারযোগ্য করতে ধাপায় নয়া যন্ত্র বসানো হচ্ছে। সেটি চলতি বছরেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন পুরকর্তারা। 
সম্পর্কিত সংবাদ