বেঙ্গালুরু: কথায় বলে মঙ্গলে ঊষা, বুধে পা। জ্যোতিষির পরামর্শে ‘শুভ তিথি’ মেনে আগামী ৩ জুন বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ডি কে শিবকুমার।
বেঙ্গালুরু: কথায় বলে মঙ্গলে ঊষা, বুধে পা। জ্যোতিষির পরামর্শে ‘শুভ তিথি’ মেনে আগামী ৩ জুন বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ডি কে শিবকুমার।
দেওয়াল লিখন আগেই পাকা হয়ে গিয়েছিল। শনিবার আনুষ্ঠানিক ঘোষণাও হলে গেল। এদিন বেঙ্গালুরুতে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে ডি কে শিবকুমারকে নতুন নেতা নির্বাচিত করা হল। আগামী ৩ জুন কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর এদিনই রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলটের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানিয়েছেন শিবকুমার। কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়্গে জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার চেহারা কেমন হবে, সেই সিদ্ধান্ত হাইকমান্ড নেবে।
এদিন বিধান সৌধে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে নতুন নেতা হিসাবে শিবকুমারের নাম প্রস্তাব করেন বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। সেই প্রস্তাব সমর্থন করেন প্রবীণ নেতা জি পরমেশ্বর। পরিষদীয় দল সর্বসম্মতিতে প্রস্তাব পাশ করে। প্রদেশ কংগ্রেসের তরফে প্রকাশিত বিবৃতিতে একথা জানানো হয়েছে। বৈঠকে হাইকমান্ডের তরফে উপস্থিত ছিলেন এআইসিসি সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল ও রণদীপ সিং সুরজেওয়ালা। পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর শিবকুমার একটি প্রস্তাব পেশ করেন। মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন বিদায়ী নেতা সিদ্ধারামাইয়ার অবদানের প্রশংসাসূচক সেই প্রস্তাবও বৈঠকে সর্বসম্মতিতে পাশ হয়েছে। উল্লেখ্য, সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী থাকাকালীন উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন শিবকুমার।
কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ জুন বুধবার বিকেল ৪টেয় লোকভবনের গ্লাস হাউসে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করবেন শিবকুমার। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ১ জুন সোমবার শপথগ্রহণের অনুষ্ঠান হতে পারে। যদিও সূত্রের খবর, শিবকুমার তাঁর জ্যোতিষীর পরামর্শে ‘শুভ তিথি’ হিসাবে বুধবার শপথগ্রহণ করতে চলেছেন। পূর্ব নির্ধারিত অন্য কোনো কর্মসূচি না থাকায় ওইদিন রাহুল গান্ধীও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন বলে খবর। তবে মুখ্যমন্ত্রী পদে বদলের এই পদক্ষেপ নিয়ে কংগ্রেসকে এদিন বিঁধতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের তোপ, কংগ্রেসের অপশাসনে মানুষ বীতশ্রদ্ধ। মুখ্যমন্ত্রী বদল করে লাভ হবে না। দু’বছর পর বিধানসভা ভোটে কংগ্রেসকে ধরাশায়ী করবে রাজ্যের মানুষ। রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবি জানাচ্ছেন ডি কে শিবকুমার।