বেঙ্গালুরু: অবশেষে কর্ণাটকের কুর্সিতে ডিকে শিবকুমার। বুধবার লোকভবনে সংবিধান হাতে শপথ নিলেন তিনি। শিবকুমারের ডেপুটি হলেন জি পরমেশ্বর। জল্পনা সত্যি করে মন্ত্রী করা হয়েছে সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার ছেলে যতীন্দ্রকেও। এদিন মুখ্যমন্ত্রী শিবকুমারের সঙ্গে শপথ নিয়েছেন প্রিয়াঙ্ক খাড়্গে ও যতীন্দ্র সহ নয়া মন্ত্রিসভার ১৩ সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এছাড়াও ছিলেন দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সহ একাধিক কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শপথ গ্রহণের পর শিবকুমারকে অভিনন্দন জানান সিদ্ধারামাইয়া। জল্পনা থাকলেও কর্ণাটকে একাধিক উপমুখ্যমন্ত্রী করার পথে হাঁটল না কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়াঙ্কও। শিবকুমারের ডেপুটি করা না হলেও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব প্রিয়াঙ্ককে দেওয়া হতে পারে বলে কংগ্রেস সূত্রে খবর। উপমুখ্যমন্ত্রী পরমেশ্বর পেতে পারেন শুল্ক দপ্তর। নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী হতে পারেন যতীন্দ্র । তবে এখনো দপ্তর বন্টন সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অন্যদিকে এদিন শপথ নেওয়ার পর দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন শিবকুমার। ২০২৩ সালে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুসারে শিবকুমারের সম্পত্তির পরিমাণ ১৪১৩ কোটি টাকা। যা হিন্দি বলয়ের ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির ১৩ গুনেরও বেশি। অন্যদিকে মঙ্গলবার শিবকুমারের শপথ গ্রহণের কয়েকঘণ্টার আগেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে। বুধবার লোকভবনে শপথ নিচ্ছেন ডিকে শিবকুমার। ছবি: পিটিআই



