Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গে পালাবদল! লালবাজারে ফেরার আশায় বদলি হওয়া একঝাঁক পুলিশকর্মী

তবে কি এবার লালবাজারে ফেরার পালা? তৃণমূল সরকারের পরাজয়ের পর আশায় বুক বাঁধছেন কলকাতা পুলিশের একদল অফিসার।

বঙ্গে পালাবদল! লালবাজারে ফেরার আশায় বদলি হওয়া একঝাঁক পুলিশকর্মী
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তবে কি এবার লালবাজারে ফেরার পালা? তৃণমূল সরকারের পরাজয়ের পর আশায় বুক বাঁধছেন কলকাতা পুলিশের একদল অফিসার। ২০১৬ সালের বিধানসভা ভোটের দিন ‘অতি সক্রিয়তা’র জেরে শাসকদলের রোষে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে বদলি করা হয়েছিল একঝাঁক অফিসারকে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তাঁরা সবাই আশাবাদী হয়ে উঠেছেন। অফিসারদের একাংশ ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন, ‘রাজ্যে নবগঠিত বিজেপি সরকার নিশ্চয় তাঁদের উপর চলা অত্যাচারের বিহিত করবেন।’  উল্লেখ্য, গত ১০ বছর ধরে, ঘর-পরিবার ছেড়ে কলকাতা পুলিশের একঝাঁক দক্ষ অফিসার রাজ্যের বিভিন্ন জেলায় কাটাচ্ছেন। মাঝে রাজ্য পুলিশের দু’-একজন শীর্ষকর্তা হাজার চেষ্টা করেও তৃণমূলের রোষে পড়া কলকাতা পুলিশের এই অফিসারদের লালবাজারে ফেরাতে ব্যর্থ হন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সময় এই অফিসারদের কলকাতায় ফিরিয়ে আনার সরকারি নির্দেশিকা জারি হলেও তৃণমূল সমর্থিত ওয়েলফেয়ারের বাধাতে তা বাতিল করে রাজ্য সরকার। লালবাজার সূত্রের খবর, বর্তমানে কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, চারজন ইনস্পেক্টর, এসআই-সার্জেন্ট মিলিয়ে ১০ জন, এএসআই ৯ অফিসারের পাশাপাশি ৫০ কনস্টেবল মিলিয়ে মোট ৭৪ জন রাজ্য পুলিশে ‘শাস্তি’ কাটাচ্ছেন। দু’-একজন বাদে এদের অধিকাংশকে যোগ্যতা এবং দক্ষতা হিসাবে পোস্টিং পেতে দেননি ওয়েলফেয়ারের এক শ্রেণির কর্তারা। আবার এমনও হয়েছে, কলকাতা পুলিশে ফেরার আশায় দিন গুনতে গুনতে কয়েকজনের চাকরির মেয়াদও শেষ হয়ে গিয়েছে! কিন্তু কলকাতায় ফেরা হয়নি। আবার ডিসি পদমর্যাদার রাজ্য পুলিশের কমাডেন্ট দেবশ্রী চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে সড়কপথে পর্ণশ্রীর বাড়িতে ফেরার পথে হুগলিতে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সেই ক্ষত এখনও দগদগে লালবাজারের সহকর্মীদের মধ্যে। তাই অনেকে মনে করছেন, এবারের ভোটে এই বিক্ষুব্ধ পুলিশ বাহিনীর সমর্থন স্বাভাবিকভাবে বিজেপি শিবিরের দিকে গিয়েছে। যা বিনা দোষে বিপাকে পড়া পুলিশকর্মীদের আশাবাদী করে তুলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ