নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার ওড়িশা-ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের উপর সরে গিয়েছে। সরে যাওয়ার সময় নিম্নচাপের পিছনের অংশের দিক থেকে বৃষ্টির মেঘ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর চলে আসে। এর জন্য সোমবার সকাল-দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে ও আকাশ সারাদিন ধরে মেঘলা ছিল। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় ফের অতিবৃষ্টিজনিত উদ্বেগ তৈরি হয়েছে। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এই জেলাগুলির সঙ্গে জলপাইগুড়িতে মাত্রাতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা থাকার জন্য লাল সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তারপরও উত্তরবঙ্গের ওই অংশে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মৌসুমি অক্ষরেখা অবস্থান পরিবর্তন করে উত্তরবঙ্গের দিকে উঠে আসার জন্য বৃষ্টি বাড়ছে। পাহাড় থাকার জন্য উত্তরবঙ্গের উপরের অংশে এমনিতেই বেশি বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার স্বাভাবিক বিক্ষিপ্ত বৃষ্টি হবে।



