নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় রাস্তার ধারের কল থেকে অনবরত জল পড়ে যাচ্ছে, এই দৃশ্য প্রায়শই হামেশাই দেখা যায়। হয় কলের মুখ থাকে না, না হয় কেউ বা কারা তা ভেঙে ফেলে। অনেক সময় সেগুলি খুলে নিয়ে যায় ভবঘুরেরা। এমন একাধিক অভিযোগ ওঠে। কয়েক মাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে জলের অপচয় নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছিলেন। তারপর পানীয় জলের অপচয় বন্ধ করতে অবশেষে নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। ঠিক হয়েছে, রাস্তার ধারে কোথায়, কতগুলি এমন ট্যাপ রয়েছে, তার মধ্যে কতগুলিতে মুখ নেই, তা সমীক্ষা করে দেখা হচ্ছে। সেই রিপোর্টের ভিত্তিতে মেরামতের কাজে হাত দেবে পুরসভা। মাঝে পুজোর ছুটি থাকায় সেই কাজ পুরোপুরি শেষ করা যায়নি। এবার সেই সমীক্ষা শেষ করে পদক্ষেপ করা হবে। এমনটাই জানিয়েছেন পুরকর্তারা।
Advertisement
পুরসভার কমিশনার ধবল জৈনের কাছে সেই রিপোর্ট জমা করতে বলা হয়েছে। পাশাপাশি, ওই নির্দেশিকায় বলা হয়েছে, যেখানে কলের মুখ থাকবে না, সেখানে নতুন মুখ লাগাতে হবে। পরবর্তীকালে কলের এই মুখ যাতে ভাঙা না যায় বা চুরি ঠেকাতে কী পদক্ষেপ করা যেতে পারে, সে ব্যাপারে জল সরবরাহ বিভাগকে পরিকল্পনা করতে হবে। এর আগে মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছিলেন, কোনও জায়গা থেকে কলের মুখ ভেঙে ফেলার অভিযোগ তিনবারের বেশি এলে, সেই কলে জলের সংযোগ বন্ধ করে দেওয়া হবে। বিভাগীয় সূত্রে খবর, যে সব জায়গায় এভাবে কলের মুখ ভাঙা বা চুরির অভিযোগ বেশি, মেয়রের বার্তাকে সেই সব অঞ্চলে পোস্টার বানিয়ে প্রচারের চিন্তাভাবনা রয়েছে পুর কর্তৃপক্ষের।



