নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল মানিকতলায়। বাড়ি থেকে একাদশ শ্রেণির ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি রাজা দীনেন্দ্র স্ট্রিটের। এই ঘটনায় ওই এলাকায় বর্ষশেষের আনন্দ ম্লান। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ির মধ্য থেকে উদ্ধার করা হয় ১৭ বছরের ওই নাবলিকাকে। ঘটনাস্থলে যায় মানিকতলা থানার পুলিস। কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। তবে পরিবারের তরফে এখনও থানায় অভিযোগ জমা পড়েনি।



