নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের প্রতিষ্ঠা দিবসে শহিদ মিনার ময়দানে সভা করতে পারবে আইএসএফ। শর্তসাপেক্ষে তাদের সভার অনুমতি দিলেও ওই সভায় সশরীরে উপস্থিত থাকতে পারবেন না দলের একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তবে তিনি সভায় ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
Advertisement
এর আগে শহিদ মিনার ময়দানে সভা করতে চেয়ে পুলিসের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। তাদের অভিযোগ ছিল, সেনা কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন মিললেও সভা আয়োজনের অনুমতি দিচ্ছে না পুলিস। পুলিসের তরফে পাল্টা অভিযোগ করা হয়, ২০২৩ সালে ওই এলাকায় সভা করতে গিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করেছিল আইএসএফ। সেই ঘটনায় সভার প্রধান বক্তা নৌশাদ সিদ্দিকি সহ মোট ১৯ জনের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। সেই জন্যই ওই এলাকায় তাদের আবারও সভা করার অনুমতি দেওয়া হয়নি। সোমবার বিচারপতি ঘোষের এজলাসে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁকে একাধিক প্রশ্ন করে বিচারপতি বলেন, ‘মধ্য কলকাতা ছাড়া কোথায় কোথায় মিটিং, মিছিল, সভা করা যাবে, তার একটা তালিকা তৈরি করুন।’ শুনানি শেষে বিচারপতি নির্দেশে জানান, দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত সভা করা যাবে। ৩ হাজারের বেশি জমায়েত করা যাবে না। পুলিসকে নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে। নৌশাদ সহ যাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে, তাঁদের বাড়িতে থাকতে হবে। সভায় তাঁরা ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবেন।



