


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটনা হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের মূল পরিকল্পনাকার পুরুলিয়া জেলে বন্দি শেরু ওরফে ওঙ্কার নাথ সিংয়ের শাগরেদরা জাল নোটের কারবার চালাচ্ছে। এরাজ্য থেকে বিহার, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে জাল নোট। নেপথ্যে থেকে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে জেলবন্দি শেরু। এই তথ্য জানতে গ্যাংস্টার শেরুকে হেফাজতে নিল হাওড়া সিটি পুলিসের গোয়েন্দা বিভাগ।
চন্দন মিশ্র খুনে নাম জড়ায় পুরুলিয়া ও রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত শেরু ওরফে ওঙ্কারনাথের। কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে বিহারে খুন, ডাকাতি, তোলাবাজি সহ দুডজনের বেশি মামলা ঝুলে রয়েছে। অভিযোগ, পুরুলিয়া জেলে বসেই বিহারে তার নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করছিল শেরু। এই পর্বে জুলাই মাসে জগাছা থেকে প্রায় দু’লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে হাওড়া সিটি পুলিস। গ্রেপ্তার করা হয় রামিজ রাজা লস্কর ও রাহুল বিশ্বাস নামে দুই অভিযুক্তকে। তাদের জেরা করে জানা যায়, এই জাল নোট বাংলা ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডে যাচ্ছে। হাওড়া সিটি পুলিসের অফিসাররা জানতে পারেন, বিহারে একটি মাফিয়া সিন্ডিকেট এই জাল নোটের কারবারে যুক্ত। যারা বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ করার পাশাপাশি এই কারবারেও জড়িয়েছে। আগ্নেয়াস্ত্রের সঙ্গে পাচার হয়ে যাচ্ছে ২০০ ও ৫০০ টাকার ভারতীয় জাল নোট। তদন্তে উঠে আসে, বিহারে এই কারবার চালাচ্ছে শেরুর অনুগামীরা। গোটা বিষয়টি জেলে বসেই নিয়ন্ত্রণ করছে গ্যাংস্টার। কাকে কোথায় কটি আগ্নেয়াস্ত্র ও কত টাকার জাল নোট পাঠাতে হবে, সবটাই সে ঠিক করে দিচ্ছে। জেলেই তাষর কাছে বরাত আসছে। এতদিন তার বিরুদ্ধে ডাকাতি বা খুনের মতো অভিযোগ থাকলেও, শেরুর জাল নোটের কারবার নতুন দিশা খুলে দেয় তদন্তকারীদের কাছে। এরপরই তাকে হেফাজতে নেওয়ার জন্য হাওড়া আদালতে আবেদন জানায় সিটি পুলিসের গোয়েন্দা বিভাগ। তা মঞ্জুর হওয়ার পর মঙ্গলবার পুরুলিয়া জেল থেকে নিয়ে এসে হাওড়া আদালতে তোলা হয়। আদালত তাকে সাতদিনের জন্য পুলিস হেফাজতে পাঠিয়েছে। তাকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করে হাওড়া সিটি পুলিসের এক কর্তা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সূত্রের খবর, বিগত কয়েক বছরে হাওড়ায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। যেখানে সুপারি নিয়ে খুনের অভিযোগ উঠেছে। এমনকী লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলিতে শেরুর যোগ রয়েছে কি না, তাও তাকে জেরা করে জানবেন সিটি পুলিসের গোয়েন্দারা। এমনকী হাওড়াও পাশ্ববর্তী জেলায় শেরুর শাগরেদরা কোথায় কোথায় রয়েছে এবং তাদের নেটওয়ার্কের বিষয়েও গ্যাংস্টারকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।