নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিনের আগে এদিন ছিল শেষ রবিবার। পার্ক স্ট্রিট সহ মহানগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে ছিল উপচে পড়া ভিড়। দুপুরের মেঠো রোদ গায়ে মেখে প্রবীণ-নবীনদের ভিড়ে গমগম করেছে সিটি অব জয়। এই আবহের মধ্যেই শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে লাইনের উপর ঝাঁপ দিলেন এক যাত্রী। বিকেল ৪টে নাগাদ এই ঘটনায় কিছুটা হলেও তাল কেটেছে উৎসবের। কেননা, এ কারণে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে প্রায় ৪৫ মিনিটের জন্য পরিষেবা ব্যাহত হয়। যার জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়ে। জানা গিয়েছে, থার্ড লাইন বন্ধ করে ট্র্যাক থেকে ওই যাত্রীকে উদ্ধার করতে দীর্ঘ সময় লেগে যায়। এই সময় সেন্ট্রাল থেকে কবি সুভাষ ও দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা চলে। অর্থাৎ প্রায় পৌনে এক ঘণ্টা সেন্ট্রাল থেকে দমদম রুটে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। উৎসবের মরশুমে পরিষেবা স্বাভাবিক হতে আরও দু’ঘণ্টা লেগে যায় বলে যাত্রীদের দাবি।



