Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গুন্ডাদমন থেকে দুর্নীতি রোধ, শুভেন্দুর সরকারের প্রশংসা শাহের

সোমবার রাজ্যজুড়ে পালিত হল ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। নিউটাউনের ইকোপার্কে ১৪০ মেট্রিক টন কাঁসা এবং ৩৭০ মেট্রিক টন ইস্পাত ব্যবহার করে গড়ে তোলা হবে তাঁর ১২৫ ফুটের মূর্তি।

গুন্ডাদমন থেকে দুর্নীতি রোধ, শুভেন্দুর সরকারের প্রশংসা শাহের
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার রাজ্যজুড়ে পালিত হল ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। নিউটাউনের ইকোপার্কে ১৪০ মেট্রিক টন কাঁসা এবং ৩৭০ মেট্রিক টন ইস্পাত ব্যবহার করে গড়ে তোলা হবে তাঁর ১২৫ ফুটের মূর্তি। সংস্কার এবং সংরক্ষণ করা হবে তাঁর জিরাটের পৈতৃক বাড়ি। তাঁকে সম্মান জানাতে সোমবার দিল্লি থেকে কলকাতায় উড়ে এসে একাধিক অনুষ্ঠানে যোগ দেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইকোপার্কে মূর্তি স্থাপনের ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর পরে যোগ দেন মিলন মেলা প্রাঙ্গণের মূল অনুষ্ঠানে। সর্বদাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দোনেশিয়া থেকে ভার্চুয়াল মাধ্যমে মিলন মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ ও রাজ্য গড়ার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপুর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত বছর ৬ জুলাই থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে দু’বছর ব্যাপী রাষ্ট্রীয় উৎসব আয়োজন করা হয়েছে। তবে বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ার পর রাজ্যের মানুষ এই উৎসবে এক নতুন প্রাণ সঞ্চার করেছেন। শ্যামাপ্রসাদের জনসংঘই এখন ভারতীয় জনতা পার্টি হয়ে মানুষের সেবা করছে। 

Advertisement

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম দু’মাসের কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করেন অমিত শাহ। নির্বাচনের আগে তাঁর ঘোষিত সংকল্প পত্রের প্রতিটি প্রতিশ্রুতি রেকর্ড সময় পালনের পদক্ষেপ নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে গুন্ডাদমন এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ক্ষেত্রেও বড় বার্তা দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে এসে বলেছিলাম, গুন্ডাদের উলটো করে ঝোলাব। পালাবদলের দু’মাসের মধ্যেই গুন্ডাদমন বিল নিয়ে আসা হয়েছে।’ একই ভাবে দুর্নীতি ইস্যুতে তিনি বলেন, ‘দুর্নীতির তদন্তের জন্য কমিটি গঠন হয়েছে। যাঁরা দুর্নীতি করেছেন তাঁরা তৈরি থাকুন। কমিটির হিসাব এলেই গুণে গুণে হিসাব নেওয়া হবে।’
এরই পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি চালুর উদ্যোগ এবং অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের কড়া পদক্ষেপ নিয়েও শুভেন্দু সরকারের প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে তাড়াবার কথা বলেছিলাম। সে কথাও রেখেছে শুভেন্দু সরকার। যারা বাকি আছে, তাদের খুঁজে খুঁজে ফেরত পাঠাব। নাগরিকত্ব (সিএএ) দেওয়ার কাজ যেটুকু বাকি আছে, সেটুকুও করে দেওয়া হবে।’ এদিন মিলন মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিন এই মঞ্চে সম্মানজ্ঞাপণ করা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী মাখনলাল সরকারকে। এসবের ফাঁকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎও করেন শাহ। যা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। 
এদিন সকাল রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু ও অন্যান্য মন্ত্রীরা। এদিন শ্যামাপ্রসাদের স্কুল ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনেও একটি অনুষ্ঠানে যোগদান করে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিকেলে মিলন মেলা প্রাঙ্গণে শুভেন্দু জানিয়েছেন, আজ শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যজুড়ে ১০ হাজারের বেশি কর্মসূচি হয়েছে। অংশগ্রহণ করেছেন ৫০ লক্ষ মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ