নয়াদিল্লি: ইসকনের একাধিক শাখায় শিশুদের উপর যৌন নির্যাতন চালানো হয়। এই সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়া সত্ত্বেও তারা উপযুক্ত কোনও ব্যবস্থা নেয়নি। এই পরিস্থিতিতে তদন্তের নির্দেশিকা চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই প্রেক্ষিতে আবেদনকারীদের জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কাছে যেতে বলল শীর্ষ আদালত। বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, জাতীয় শিশু সুরক্ষা কমিশন (এনসিপিসিআর), উত্তরপ্রদেশ শিশু সুরক্ষা কমিশন (ইউপি এসসিপিসিআর) এবং পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনই (ডব্লুবি এসসিপিসিআর) উপযুক্ত সময়ে এই নিয়ে ব্যবস্থা নিতে পারে।



