সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের বাইপাসে শপিংমলের আদলে সরকারি উদ্যোগে অত্যাধুনিক সাততলা মার্কেটিং হাব তৈরি হবে। শহরের ভগৎ সিং মোড় থেকে জয়পুর যাওয়ার রাস্তার ধারে পুরনো প্রস্তাবিত বাসস্ট্যান্ডের জায়গায় হাব তৈরি হবে। বিষ্ণুপুর পুরসভা জমি চিহ্নিত করে দিয়েছে। সম্প্রতি একটি সংস্থা হাব তৈরির জন্য রাজ্য সরকারের সঙ্গে মৌ-চুক্তি স্বাক্ষর করেছে। ওই সংস্থার কর্মীরা শুক্রবার জমি পরিদর্শনে আসেন। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী ওই হাবের শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্পদপ্তরের উদ্যোগে রাজ্যে ১৪টি জেলায় মোট ১৫টি মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে বিষ্ণুপুরে একটি রয়েছে। অত্যাধুনিক শপিংমলের আদলে তৈরি মার্কেটিং হাবে মোট সাতটি তলা থাকবে। আন্ডারগ্রাউন্ডে পার্কিং জোন থাকবে। গ্রাউন্ড ফ্লোর সহ পরপর চারটি তলায় বিভিন্ন দোকান থাকবে। তাতে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের জন্য যেমন বহু স্টল তৈরি হবে, তেমনই খাবারের দোকান, খুচরো পণ্যের শোরুম, রেস্টুরেন্ট, হাইপার মার্কেট, ব্যাঙ্ক, এটিএম, অফিস তৈরি করা যাবে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠতলে হোটেল থাকবে। সপ্তম তলে থাকবে মাল্টিপ্লেক্স সিনেমা হল। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন ওই মার্কেটিং হাব তৈরিতে উদ্যোগী হয়েছে।
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, রাজ্যে ১৫টি মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে বিষ্ণুপুরেও একটি তৈরির প্রস্তাব মন্ত্রী ইন্দ্রনীল সেনকে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী তাতে সবুজ সংকেত দিয়েছেন। বিষ্ণুপুরবাসী হিসেবে আমি তাঁর কাছে কৃতজ্ঞ। এদিন বরাত পাওয়া সংস্থার লোকজন জমি পরিদর্শন করতে এসেছিলেন। তাঁদের আমরা সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। হাব তৈরির পর ওই এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে।
বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বিষ্ণুপুরের যাবতীয় উন্নয়নে দরাজহস্তে এগিয়ে এসেছেন। পুরসভার পক্ষ থেকে মার্কেটিং হাবের জন্য এক একর জায়গা চিহ্নিত করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইলস দপ্তরের উদ্যোগে মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ির কোতোয়ালি এবং রাজগঞ্জ, বহরমপুর, কোচবিহারের কোতোয়ালি, হাওড়ার উলবেড়িয়া, উত্তর দিনাজপুরের রাইগঞ্জ, দার্জিলিংয়ের মাটিগাড়া, পুরুলিয়ার রঘুনাথপুর, বীরভূমের বোলপুর, হুগলির ভদ্রেশ্বর, কালিম্পং, বাঁকুড়ার বিষ্ণুপুর ও পূর্ব মেদিনীপুরের রামনগরে মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে হাব চলবে।
বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বরাত পাওয়া সংস্থার কর্মীরা বলেন, রাজ্য সরকার আমাদের হাব তৈরির সুযোগ করে দিয়েছেন। বড় বড় শহরে যেরকম অত্যাধুনিক শপিং মল রয়েছে। বিষ্ণুপুরেও আমরা ওই ধরনের মার্কেটিং হাব গড়ে তুলব। তা চালু হওয়ার পর এলাকাটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। শপিং মলের জমি পরিদর্শন। -নিজস্ব চিত্র